আত্রাই এর ছিনতাই ও জখমের ঘটনায় রাজশাহী থেকে গ্রেফতার দুই জন অপরাধী
- আপডেট টাইম : ১২:০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ১৯ ০০০.০০.বার

নওগাঁর আত্রাই উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কাপড় ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নওগাঁ জনাব মো:মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার সার্বিক দিকনির্দেশনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে (২৯ মার্চ) অভিযান চালিয়ে রাজশাহী শহরের কাটাখালী এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বাদীর ছিনতাই হওয়া নোকিয়া কোম্পানির একটি মোবাইল ফোন ও উদ্ধার করা হয়েছে।
গত ২৫ মার্চ ভোর আনুমানিক ৬টার দিকে আত্রাই-সান্তাহার আঞ্চলিক মহাসড়কের মহাদিঘী উত্তরপাড়া ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. রাশেদ রহমান রাজন (৩৪), পিতা: মো. সিরাজুল ইসলাম, সাং নওদাপাড়া, থানা কাটাখালী, রাজশাহী।
২. মো. আরাফাত রহমান চয়ন (২১), পিতা: মো. হোসেন আলী, সাং নওদাপাড়া, থানা কাটাখালী, রাজশাহী।
থানা পুলিশ জানায়, ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে নেমে রাজশাহী শহরের কাটাখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাদীর ছিনতাই হওয়া একটি নোকিয়া ব্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এর আগে, আহত ব্যবসায়ী মো. শওকত হোসেন (৫০) সকাল ৬ ঘটিকায় নিজ গন্তব্য থেকে ব্যবসায়ীক কাজে যাওয়ার পথে একদল ছিনতাইকারীর কবলে পড়েন। দুর্বৃত্তরা তার পথরোধ করে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। ছুরিকাঘাতে তার ডান হাত গুরুতরভাবে জখম হয়। পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংঘবদ্ধ অপরাধচক্রের অংশ। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি জড়িতদের ধরতে জোরালো অভিযান চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে পার পাওয়া যাবে—এ ধারণা সম্পূর্ণ ভুল। আত্রাইয়ে যে কোনো ধরনের সন্ত্রাস, ছিনতাই বা অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।” ৷
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নওগাঁ জনাব মো:মুশফিকুর রহমান এর
সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে,
” আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁরা এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, এর ভিত্তিতে আরও কিছু উদ্ধার এর সম্ভাবনা রয়েছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে। ”
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হলেও পুলিশের দ্রুত অভিযানে দুইজন গ্রেফতার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।




















