ভৈরবে র্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
- আপডেট টাইম : ১২:৪৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ৫১ ০০০.০০.বার

কিশোরগঞ্জের ভৈরবে র্যাবের অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে অপহৃত এক কিশোরীকে (১২) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপহরণকারী কামাল হোসেন (৩০) কে গ্রেফতার করেছে র্যাব।
প্রেস রিলিজে জানানো হয়, গ্রেফতারকৃত কামাল হোসেন ও ভিকটিম একই এলাকার বাসিন্দা হওয়ায় পূর্ব পরিচয়ের সুযোগ নিয়ে তিনি কিশোরীকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলেন। পরবর্তীতে প্রলোভনে পড়ে গত ১৬ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে কিশোরী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়।
এ ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-২৫, তারিখ: ১৭ মার্চ ২০২৬)।
এরই প্রেক্ষিতে র্যাব-১৪ এর সিপিসি-২, ভৈরব ক্যাম্প এবং র্যাব-৯, সিলেট এর একটি যৌথ আভিযানিক দল ৩০ মার্চ দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভৈরব থানাধীন কালিপুর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে উদ্ধার করে এবং অপহরণকারী কামাল হোসেনকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত কিশোরীকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।




















