কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জন পুলিশ সদস্যও রয়েছেন। সংঘর্ষের জেরে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল দীর্ঘ সময় ব্যাহত হয়। এতে বিভিন্ন স্টেশনে অন্তত ৯টি ট্রেন আটকা পড়ে এবং হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ভৈরব রেলস্টেশন ও আশপাশের এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলে। একপর্যায়ে উত্তেজিত লোকজন রেলস্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে স্টেশন মাস্টারের কক্ষসহ কয়েকটি স্থাপনায় ভাঙচুর চালায়। পাশাপাশি প্ল্যাটফর্মের কয়েকটি দোকানেও হামলা ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে
সংঘর্ষের কারণে বিভিন্ন স্থানে চলাচলকারী ৩৭ আপ নাসিরাবাদ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া, ৭০৩ আপ মহানগর গোধূলি ভৈরব বাজার জংশনের আউটার সিগন্যালে, ৭১০ ডাউন পারাবত এক্সপ্রেস তালশহর, ৭২২ ডাউন মহানগর এক্সপ্রেস নরসিংদী, ৭৩৯ উপবন এক্সপ্রেস জিনারদী, ৮১৪ কক্সবাজার এক্সপ্রেস আড়িখোলা, ৭৪৯ এগারসিন্ধু গোধূলি দৌলতকান্দি, নরসিংদী কমিউটার খানাবাড়ি এবং ৬০৬ ডাউন মালবাহী ট্রেন মেথিকান্দা স্টেশনে আটকা পড়ে।
সংঘর্ষে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য মুছা মিয়া গুরুতর আহত হন। এছাড়া আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ, থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে সংঘর্ষে জড়িতদের ব্যাপক পাথর নিক্ষেপের কারণে তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়নি। পরে রাত পৌনে ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রাত ১টা ৫০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে পুরো স্টেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করেন। এ সময় স্টেশনের বিভিন্ন দোকান ও স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির
মফস্বল সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.