ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে দিনব্যাপী “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “মেধা, বিজ্ঞান, উদ্ভাবন ও উদ্যোগের দেশ, সবার আগে বাংলাদেশ।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর–১ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
প্রধান অতিথি বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করতে সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন চন্দ্র ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী, চাতলপাড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিনসহ অন্যান্যরা।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের স্টার্টআপ আইডিয়া, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। মোট ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা দলগতভাবে এ প্রদর্শনীতে অংশ নেয়।
প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির মফস্বল সম্পাদক আ.স.ম. জুয়েল রানা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.