
পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা এলাকায় সৌদি প্রবাসীর বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ, পাওনা টাকা চাওয়ায় প্রবাসীর ভাতিজাকে মারধর ও প্রাণনাশের হুমকির মামলায় এজাহারনামীয় ১ নম্বর আসামি মো: জহিরুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম মঠবাড়িয়া উপজেলার সাপলেজা, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুখাই তলা, গ্রামের মো: শামছুল হকের ছেলে।
মামলার এজাহার ও থানা সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়া গ্রামের সুখ রঞ্জন দাসের ছেলে সাগর দাস (২২) বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি নং- ১০২৮) দায়ের করেন। ঘটনার সত্যতা ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে পরবর্তীতে পুলিশ নিয়মিত মামলা রুজু করে প্রধান আসামিকে গ্রেফতার করে।
অভিযোগের বিবরণী থেকে জানা যায়, মামলার বাদী সাগর দাসের আপন দুই কাকা বাবুল দাস ও অধীর দাস দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে প্রবাস জীবন যাপন করছেন। সৌদি আরবে থাকাকালীন সময়ে আসামিদের সাথে শেয়ারের মাধ্যমে ঠিকাদারী ব্যবসা করার মৌখিক চুক্তি হয়। সেই সুবাদে ঠিকাদারী ব্যবসার গাড়ি কেনার কথা বলে ১ নম্বর আসামি জহিরুল ইসলাম প্রবাসীর নিকট প্রথমে ৭,৩৮,০০০/- (সাত লক্ষ আটত্রিশ হাজার) টাকা গ্রহণ করেন। পরবর্তীতে ব্যবসার আরও বিভিন্ন খরচের কথা বলে সর্বমোট ১২,৩৬,০০০/- (বারো লক্ষ ছত্রিশ হাজার) টাকা হাতিয়ে নেন। এই টাকা কিছুদিন পরে পরিশোধ করার কথা থাকলেও আসামিরা তা ফেরত না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন।
এছাড়াও, গত ২০/০২/২০২৫ তারিখে বাংলাদেশে অবস্থানরত শ্রমিকদের বেতন দেওয়ার কথা বলে প্রবাসীর ছোট কাকার কাছ থেকে কৌশলে আরও ৮,৭৮,০০০/- (আট লক্ষ আটাত্তর হাজার) টাকা নিয়ে আসামিরা আত্মসাৎ করেন।
পরবর্তীতে গত ১৯/০৩/২০২৫ তারিখে রাত আনুমানিক ০৬:১০ ঘটিকায় ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় মামলার বাদী সাগর দাস আসামিদের দেখতে পেয়ে পাওনা টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা বাদীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন। এ সময় বিষয়টি নিয়ে পরবর্তীতে কোনো প্রকার বাড়াবাড়ি বা আইনগত ব্যবস্থা নিলে বাদীকে খুন-জখম করা হবে বলে হুমকি দিয়ে আসামিরা চলে যান।
মঠবাড়ীয়া থানা পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে মামলার প্রধান আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে। এদিকে আসামির গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করে কষ্টার্জিত টাকা ফেরত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক মোঃ বোরহান হাওলাদার জসিম, বার্তা সম্পাদক ,মোহাম্মদ জাকির মফস্বল সম্পাদক আ.স.ম. জুয়েল রানা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১৬০, ফকিরের পোল গরম পানি গলি মতিঝিল ঢাকা ১০০০ । ম্পাদককর্তৃক শামীম প্রিন্টিং প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০। মোবাইল নম্বরঃ ০১৮১৩২৭০৬৩৪ ইমেলঃ anatarmadhyam@gmail.com মেসার্স ন্যাশনাল সময়ের কন্ঠ কোম্পানি
Copyright © 2026 দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা . All rights reserved.