কালিয়াকৈরে ‘পরিবেশ সংরক্ষণে করণীয়’ শীর্ষক আলোচনা ও ৫ শতাধিক গাছের চারা বিতরণ
- আপডেট টাইম : ০৪:২৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ৫৪ বার

গাজীপুর জেলার কালিয়াকৈরে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে “পরিবেশ সংরক্ষণে করণীয়” শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের আয়োজনে পৌরসভার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এখনই বৃক্ষরোপণ বাড়াতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, গাছ বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে। কালিয়াকৈরের শিল্পায়নের কারণে যে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে, তা ফেরাতে প্রতিটি বাড়িতে অন্তত ৫টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, পরিবেশ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ডাঃ ফারুক আহমেদ রিপন, অধ্যাপক খালিদ হোসেন, সাংবাদিক আইয়ুব রানা, পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও সহ-সভাপতি সানোয়ার হোসেন।
বক্তারা বলেন, নির্বিচারে বন উজাড়, পলিথিনের ব্যবহার, কলকারখানার বর্জ্য ও পুকুর-জলাশয় ভরাটের কারণে কালিয়াকৈরের তাপমাত্রা বাড়ছে। ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাচ্ছে। এ অবস্থায় জনসচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক বর্জন এবং বাড়ির আঙিনায় বেশি বেশি গাছ রোপণ করে অক্সিজেন বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীদের মধ্যে ৫ শতাধিক ফলজ ও ভেষজ চারা বিতরণ করা হয়। চালতা, জলপাই, অরবড়ই, আমলকী ও কাঠবাদাম গাছের চারা পেয়ে খুশি স্থানীয়রা।




















