ভৈরবে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আপডেট টাইম : ১১:০২:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ৬১ ০০০.০০.বার

২৯ মার্চ ২০২৬, রবিবার,
ভৈরবে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক মো. মিরাজ (৪১) নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ভোর রাত আনুমানিক ৪টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শম্ভুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক চালক গাড়ি রেখে পালিয়ে যায়।
নিহত চালক মো. মিরাজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন দনিয়া দক্ষিণ কুতুবখালী এলাকার শাহজাহান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৯ মার্চ) ভোরে ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২৩-১২০১) এবং ভৈরব থেকে কিশোরগঞ্জ অভিমুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২২-৭৬৬১) মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মিরাজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে
স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেছে। ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




















