কালিয়াকৈরে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, ব্যবহৃত পিকআপে আগুন
- আপডেট টাইম : ০২:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ২১ বার

গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে তিনজন গণপিটুনিতে নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রবিবার (১০ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে ৮-১০ সদস্যের একটি গরু চোর দল পিকআপ ভ্যান নিয়ে গরু চুরি করতে আসে। পিকআপের শব্দ পেয়ে বাড়ির মালিক চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন।
পরে স্থানীয় জনতা ধাওয়া করে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, দা এবং তালা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে জনতা আটক ওই তিন সন্দেহভাজন চোরকে গণপিটুনি দেয়। এক পর্যায়ে তারা চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। চুরি বা সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে খবর দিতে হবে।




















