কালিয়াকৈরে ভূমিসেবা মেলা-২০২৬ এর শুভযাত্রা, হয়রানিমুক্ত সেবার প্রতিশ্রুতি
- আপডেট টাইম : ১০:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ৩ বার

গাজীপুরের কালিয়াকৈরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ভূমিসেবা মেলা-২০২৬।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১২টায় কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক ও কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
জনসচেতনতা বাড়াতে আয়োজিত এই র্যালিতে নেতৃত্ব দেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহারিয়ার, সাবরেজিস্টার মোঃ কামরুল হাসান সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, গণমাধ্যমকর্মীসহ উপজেলার সকল ভূমি অফিসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশ নিয়ে ডিজিটাল ভূমিসেবা’কে স্বাগত জানান।
সমাবেশে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার বলেন, “জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। ই-নামজারি, অনলাইন খাজনা, ডিজিটাল রেকর্ডসহ সকল সেবা এখন হাতের মুঠোয়। সেবার মান আরও উন্নত করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ মজিবুর রহমান বলেন, ভূমি অফিসে এসে একজন সাধারণ মানুষও যেন ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে গাজীপুরে বন বিভাগের জমির ডিমার্গেশন জটিলতায় মানুষ বছরের পর বছর ঘুরছে। এই ভোগান্তি দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নজরদারির আহ্বান জানান।
এ সময় এমপি মহোদয়ের সাথে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফকির এরশাদ শাহ, মোঃ মিজানুর রহমান শেলী ও আবুল কালাম আজাদ প্রমুখ।
পরে অংশগ্রহণকারীরা ভূমিসেবা মেলা-২০২৬ এর সফলতা কামনা করে এবং ডিজিটাল ভূমিসেবা গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করেন।



















