নওগাঁর আত্রাই উপজেলায় মাদকের বিরুদ্ধে এক বড় সাফল্য অর্জন করেছে থানা পুলিশ
- আপডেট টাইম : ০৯:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ৪৪ বার

আত্রাই থানা পুলিশের এক বিশেষ ঝটিকা অভিযানে অত্র অঞ্চলের অন্যতম শীর্ষ মাদক ডিলার মো: কাউসারকে (২২) বিপুল পরিমাণ মাদকজাতীয় ইনজেকশনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ২০ মে (বুধবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের গান্ধীর মোড় এলাকায় এই অভিযানটি পরিচালিত করেন থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: কাউসার (২২) আত্রাই উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। আত্রাই থানা পুলিশ জানায়, গান্ধীর মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কাউসার কে পুলিশের একটি বিশেষ দল আটক করে। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে নিষিদ্ধ ও মারাত্মক নেশাজাতীয় ৩৫০ পিস বিভিন্ন ধরনের মাদক এবং ১৫টি মাদক ইনজেকশন অ্যাম্পুল (মোট ৩৬৫ পিস মাদক ইনজেকশন) জব্দ করা হয়। আত্রাই থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাউসার মাদক চোরাচালানের এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সে জানায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে নিজেই সরাসরি হিলি সীমান্ত এলাকা থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে আসত। পরবর্তীতে তা আত্রাইসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতা ও মাদকসেবীদের কাছে চড়া দামে বিক্রি করত। ঘটনার দিনও সে একইভাবে হিলি সীমান্ত থেকে এই ইনজেকশনের চালানটি আত্রাইয়ে নিয়ে এসেছিল। কিন্তু গান্ধীর মোড় এলাকায় পৌঁছামাত্রই ওত পেতে থাকা পুলিশের জালে আটকা পড়ে সে। পুলিশের রেকর্ড বুক পর্যালোচনা করে জানা গেছে, কাউসার অত্র অঞ্চলের একজন চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ৮টি মাদকের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে মাদক চোরাচালান চক্রের সাথে জরিত। শীর্ষ এই মাদক সম্রাট গ্রেফতার হওয়ায় আত্রাই থানার সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা থনা পুলিশের এই সাহসী ও ঝটিকা অভিযানকে সাধুবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান আত্রাই থানা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে। মাদক ব্যবসায়ী বা চোরাকারবারিকে ছাড় দেওয়া হবে না, যুবসমাজকে আমরা এই মরণব্যাধি থেকে রক্ষা করতে বদ্ধপরিকর। মাদকমুক্ত সমাজ গড়তে এলাকার সচেতন নাগরিক ও সাধারণ জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার বিনীত অনুরোধ করেন পুলিশ সুপার।



















