জামালপুরে অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমান আদালত
- আপডেট টাইম : ০৮:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ৮৪ বার

জামালপুরে অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শহরের বন্দেরবাড়িতে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন রাতুল। তাঁর নেতৃত্বে একটি অবৈধ ইটভাটা ‘স্টার ব্রিকস’এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর “ফিক্সড চিমনি” ব্যবহার করায়, ভ্রাম্যমান আদালত ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেন। মালিকপক্ষের কেউ ইটভাটায় উপস্থিত না থাকায় জরিমানা পরিশোধের জন্য ‘স্টার ব্রিকস’এর ম্যানেজার তপন আহমেদ এজাজকে নির্দেশ দেওয়া হয় এবং ইটাভাটার “ফিক্সড চিমনি” গুড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ।
জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, জামালপুর জেলায় মোট ৪টি ফিক্সড চিমনিযুক্ত ইটভাটা ছিলো। গত দুই সপ্তাহে অভিযান চালিয়ে ৩টি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং অপর একটিতে খুব দ্রুতই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হবে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন রাতুল জানান, সারাদেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় জামালপুরে অবৈধ “ফিক্সড চিমনি” পুরোপুরি ভেঙ্গে দেওয়া হয়েছে এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করবে।
১৪.০৫.২৬




















