বাসনে ডাকাতি হওয়া ৭ ষাঁড় গরু উদ্ধার, গ্রেফতার ৪
- আপডেট টাইম : ১২:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ৩ বার

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন এলাকায় ডাকাতির ঘটনায় লুট হওয়া দুইটি পিকআপভর্তি ৭টি ষাঁড় গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গরু পরিবহনে ব্যবহৃত দুইটি পিকআপও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার রাত ১০টার দিকে গাইবান্ধা থেকে ৮টি গরু কিনে দুইটি পিকআপযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী মোঃ পারভেজ মিয়া। রোববার ভোর সাড়ে ৪টার দিকে গরুবাহী পিকআপ দুটি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় এলাকায় পৌঁছালে ৫-৬ সদস্যের একটি ডাকাতদল পথরোধ করে গরুগুলো ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী পারভেজ মিয়া বাসন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। পরে সোমবার (১৮ মে) গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বাঘের বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার এবং লুট হওয়া ৭টি গরু উদ্ধার করা হয়। একইসঙ্গে কালিয়াকৈর থানা এলাকা থেকে গরু বহনকারী নীল ও হলুদ রঙের দুইটি পিকআপ জব্দ করা হয়েছে।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ চঞ্চল শেখ (২৫), মোঃ সুমন মিয়া (২৪), মোঃ শাওন (২৩) ও রূপচান (২২)। তাদের বাড়ি বগুড়া ও কুড়িগ্রাম জেলায় হলেও তারা গাজীপুরের বাঘের বাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।




















