লোকসানে বন্ধ ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন
- আপডেট টাইম : ০৩:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ৩ বার

আম ও কোরবানির পশু পরিবহনে এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ও ক্যাটল স্পেশাল ট্রেন চলবে না। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ধারাবাহিক লোকসান এবং প্রত্যাশিত মালামাল পরিবহন না হওয়ায় এ দুই বিশেষ ট্রেন সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কয়েক বছর ধরে আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ ট্রেন চালু করা হতো। একইভাবে ঈদুল আজহার সময় গবাদিপশু তুলনামূলক কম খরচে রাজধানীতে পৌঁছে দিতে ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু হয়ে রাজশাহী, সরদহ, আড়ানী, আব্দুলপুর ও ঈশ্বরদী হয়ে ঢাকায় পৌঁছাত এ ট্রেনগুলো।
রেলওয়ের পরিকল্পনা ছিল প্রান্তিক আমচাষি, বাগানমালিক এবং খামারিদের জন্য সাশ্রয়ী পরিবহনের ব্যবস্থা করা। কিন্তু বাস্তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। ট্রেনগুলো পর্যাপ্ত পণ্য না পাওয়ায় প্রায় ফাঁকা অবস্থায় চলাচল করতে হয়েছে। ফলে আয়-ব্যয়ের বড় ঘাটতি তৈরি হয়েছে।
চাষি ও খামারিদের একটি অংশের মতে, ট্রেন ভাড়া তুলনামূলক কম হলেও বাস্তব জীবনে পুরো পরিবহন ব্যবস্থায় অতিরিক্ত খরচ ও ঝামেলা ছিল। বাগান থেকে আম বা খামার থেকে পশু স্টেশনে পণ্য নেওয়া এবং ঢাকায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে আলাদা পরিবহন ব্যয় বহন করতে হতো। ফলে অনেকেই সড়কপথকে বেশি সুবিধাজনক মনে করেছেন।
রেলওয়ের এ উদ্যোগ নিয়ে সমালোচনাও রয়েছে। ব্যবসায়ীদের মতে, পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। ব্যবসায়ীদের সঙ্গে যথাযথ আলোচনা না করে উদ্যোগটি চালু করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন চাষি, বাগানমালিক ও খামারিদের পর্যাপ্ত আগ্রহ না থাকায় ট্রেনগুলো অর্থনৈতিকভাবে টেকসই হয়নি। সে কারণে আপাতত ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



















