মোংলা নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
- আপডেট টাইম : ০৪:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ৪০ বার

ওমর ফারুক : মোংলার পশুর নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে ২০২৬) বিকেল ৩টায় মোংলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এফ. এম. আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মোংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হলেও এখনো পশুর নদীর ওপর একটি সেতু নির্মাণ না হওয়ায় এ অঞ্চলের লাখো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। প্রতিদিন নদী পারাপারে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ, শ্রমজীবী ও শিক্ষার্থীদের। বিশেষ করে ঝড়-জলোচ্ছ্বাস কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে পড়ে।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “মোংলা বন্দর দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পশুর নদীতে একটি আধুনিক সেতু নির্মাণ। বিষয়টি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, বরং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গেও জড়িত। জনগণের এ ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।”
সভাপতির বক্তব্যে এফ. এম. আবু সাঈদ বলেন, “নিরাপদ শ্রমজীবী ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে মোংলা বন্দরের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন জরুরি। পশুর নদীতে সেতু নির্মাণ হলে মোংলা বন্দরকেন্দ্রিক শিল্প, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের ব্যাপক প্রসার ঘটবে। পাশাপাশি সাধারণ মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসবে।”
এসময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে পশুর নদীতে সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধন ও র্যালিতে মোংলা বন্দর এলাকার ভেড়িবাঁধ সংলগ্ন বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ, শ্রমিক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।



















