কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার সংঘবদ্ধ চক্রের তিন সদস্য
- আপডেট টাইম : ০৬:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৬ ০০০. ০০ বার

গাজীপুরের কালিয়াকৈরে অস্ত্রের মুখে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩ জুন) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে (ঢাকা মেট্রো-গ ১৭-৪৭৯৬) নম্বরের প্রাইভেটকারটি।
গ্রেফতারকৃতরা হলো- (১) মোঃ সামিন হোসেন (৩৪), পিতা- আবুল হোসেন, সাং রতনপুর, কালিয়াকৈর, (২) মোঃ তুহিন আলম (২৫), পিতা- শওকত মিস্ত্রী, সাং রাখালিয়াচালা, কালিয়াকৈর, (৩)কাজী সাব্বির হোসেন (২৬) পালক পিতা- ব্যদেন, বর্তমানে রাখালিয়াচালা এলাকার সায়েদ আলীর বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ জানায়, গত (২৯ মে) গভীর রাতে রংপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার কালিয়াকৈরের সফিপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত গাড়িটি থামানোর সংকেত দেয়। গাড়ি থামানোর পর তারা চালক ও তার সহযোগীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৮ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।
পরে ভুক্তভোগীদের জোরপূর্বক গাড়িতে তুলে উপজেলার রতনপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আরও একজন সহযোগী যোগ দিয়ে তাদের প্রাণনাশের ভয় দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের সার্বিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
মামলার তদন্তে সাব-ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলমের দূরদর্শিতা, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও কৌশলগত ভূমিকা বিশেষভাবে কার্যকর হয়। তার নেতৃত্বাধীন অভিযানে এসআই রেজাউল করিম, এসআই ইউসুফসহ পুলিশের একটি চৌকস টিম অংশ নেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে মাদক, অপহরণ, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তাদের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



















