ঈদের আগের দিন চন্দ্রা মহাসড়কে সুনসান নীরবতা: ৯৫% বাস কম, পুলিশের ৮৩৯ সদস্য মাঠে
- আপডেট টাইম : ০৬:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / ৫২ ০০০ বার

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গত রবিবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় থাকলেও বুধবার চিত্র পুরো উল্টো। ঈদের আগের দিন গাজীপুরের চন্দ্রা এলাকায় মহাসড়ক প্রায় যাত্রীশূন্য। গণপরিবহনের সংখ্যাও কমেছে ৯৫ শতাংশ।
সরেজমিনে দেখা গেছে, গত তিনদিন যেখানে তিল ধারণের ঠাঁই ছিল না, সেখানে বুধবার সকাল থেকে চন্দ্রা বাসস্ট্যান্ড ও মহাসড়ক একেবারেই ফাঁকা। হাতেগোনা কিছু বাস চললেও যাত্রীর দেখা নেই। গত কয়েকদিনের তুলনায় যানজটও শূন্যের কোটায়।
গাজীপুর ট্রাফিক পুলিশের অ্যাডমিন টিআই হামিদুজ্জামান বলেন, গাজীপুর পুলিশের অক্লান্ত পরিশ্রমে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত করতে আমরা অপরিসীম চেষ্টা চালিয়েছি। এখনও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে।
কালিয়াকৈর সার্কেল এএসপি মোঃ শফিকুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার স্যার গত কয়েকদিন ধরে স্বশরীরে মহাসড়কে থেকে তদারকি করছেন। তার নির্দেশনায় মোট ৮৩৯ জন পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করছেন।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ডিবি ও ডিএসবি সদস্যরা সাদা পোশাকে মহাসড়কে ঘরমুখো মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করছেন।
তিনি আরও বলেন, পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দীন স্যারের নির্দেশনা হলো, মানুষ যেন পরিবারের সঙ্গে হয়রানিমুক্তভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। সেই লক্ষ্যেই গাজীপুর জেলা পুলিশ সর্বদা মাঠে আছে এবং থাকবে।
















