বিরামপুরে অভিযান: কয়েক কোটি টাকার কথিত কষ্টিপাথর উদ্ধার, দুইজন আটক
- আপডেট টাইম : ১০:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ২৪০ ০০০ বার

দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বালুপাড়া গ্রামে অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা মূল্যের বলে ধারণা করা একটি কথিত কষ্টিপাথর উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়নের সদস্যরা ছদ্মবেশে তথ্য সংগ্রহের পর অভিযান পরিচালনা করেন। অভিযানে বালিকা গ্রামের মৃত অকিল উদ্দিন মাস্টারের ছেলে মো. জামান হোসেনের বাড়ি থেকে কথিত কষ্টিপাথরটি উদ্ধার করা হয়। একই সময়ে কেশবপুর গ্রামের মো. হেলাল হোসেনকেও আটক করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, মো. জামান হোসেন এলাকায় কৃষক হিসেবে পরিচিত হলেও তদন্তকারী সংস্থার সন্দেহ, তিনি চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ অভিযোগের সত্যতা এখনও তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত পাথরটির প্রকৃত পরিচয়, মূল্য এবং মালিকানা যাচাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, উদ্ধার হওয়া বস্তুটি সত্যিই কষ্টিপাথর কি না এবং এর বাজারমূল্য কত—তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।



















