ঈদের ছুটি শেষে কর্মচঞ্চল গাজীপুর, ফিরছে জেলার আসল রূপ
- আপডেট টাইম : ০৭:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ৪৮ ০০০. ০০ বার

টানা ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফাঁকা রাস্তাঘাট, বন্ধ দোকানপাট আর নিস্তব্ধ কারখানার শহর গাজীপুর আবারও ফিরে পাচ্ছে তার চিরচেনা ব্যস্ত রূপ।
গত দু’দিন ধরে কিছুটা যানবাহনের চাপ থাকলেও ঈদের দিন থেকে গত কয়েকদিন ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছিল প্রায় যানবাহনশূন্য। কিন্তু শুক্রবার (৫জুন) সকাল থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা, কালিয়াকৈরের চন্দ্রা ও কালিয়াকৈরে যানবাহনের চাপ পুরোপুরি বৃদ্ধি পেয়েছে। বাস, ট্রাক ও প্রাইভেটকারের দীর্ঘ লাইন দেখা গেছে। গাজীপুরের বিভিন্ন বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে কর্মজীবী মানুষ ফিরছে দলে দলে।
ঈদের ছুটিতে বন্ধ থাকা গাজীপুরের প্রায় ২ হাজারেরও বেশি পোশাক কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান ইতিমধ্যেই অনেকাংশ চালু হয়েছে এবং আগামীকাল পুরোদমে চালু হবে। গাজীপুর সদর, কালিয়াকৈর ও শ্রীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের উপস্থিতি চোখে পড়ার মতো।
একইসঙ্গে শহরের মার্কেট, শপিংমল ও কাঁচাবাজারগুলোতেও ফিরছে ক্রেতা-বিক্রেতার কোলাহল। সফিপুর বাজারের ব্যবসায়ী শাজাহান বলেন, ঈদের ৭ দিন দোকান বন্ধ ছিল। গতকাল থেকে আবার বেচাকেনা কিছুটা শুরু হলেও আজ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শহরটা আবার জমে উঠছে।
জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়সহ সব সরকারি-বেসরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও লেনদেন শুরু হয়েছে পুরোদমে।
কালিয়াকৈরের বাসিন্দা শামীম হোসেন বলেন, ঈদের ছুটিতে কয়দিন শহরটা একদম খালি ছিল। রাস্তায় বের হলে কাউকে পাওয়া যেত না। এখন আবার গাড়ির হর্ন, মানুষের ভিড়। এটাই তো গাজীপুরের আসল রূপ।
ছুটি শেষে বাড়তি যানবাহনের চাপ সামলাতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের এ্যাডমিন টিআই হামিদুজ্জামান জানিয়েছেন, যানজট নিরসনে তারা সতর্ক অবস্থানে রয়েছে।
ঈদের আনন্দ শেষে জীবিকার তাগিদে আবারও কর্মব্যস্ত হয়ে উঠছে শিল্পনগরী গাজীপুর। ফিরে পাচ্ছে চিরচেনা ব্যস্ত রূপ।


















