Dhaka ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে স্কুলের পাশে অবৈধ ময়লার ভাগাড়: শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে, উচ্ছেদের দাবি মিলেনিয়াম পাবলিক স্কুলের

মোঃ ফরিদ আহমেদ ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • আপডেট টাইম : ১০:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ২৬৭ ০০০.০০.বার দেখেছেন

কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় অবস্থিত মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের সন্নিকটে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। ময়লার দুর্গন্ধ, মশা-মাছি ও রোগজীবাণুর প্রাদুর্ভাবে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় ভাগাড়টি স্থায়ীভাবে উচ্ছেদের দাবি জানিয়ে কালিয়াকৈর পৌরসভার নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আবেদনে বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আদম আলী উল্লেখ করেন, বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন যাবত ময়লা-আবর্জনা ফেলার কারণে একটি স্থায়ী ময়লার ভাগাড়ের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিনিয়ত সেখানে গৃহস্থলি ও অন্যান্য বর্জ্য নিক্ষেপ করায় স্থানটি এখন স্থায়ী ডাম্পিং জোনে পরিণত হয়েছে।

তিনি আরও জানান, পচা ও দুর্গন্ধযুক্ত ময়লা থেকে অসহনীয় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা-মাছি ও বিভিন্ন রোগজীবাণুর বংশবিস্তার ঘটছে। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং আশপাশের জনসাধারণের স্বাস্থ্য ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে বর্জ্য পচন ও জলাবদ্ধতার কারণে পরিবেশ দূষণ আরও তীব্র হচ্ছে এবং সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

আবেদনে বলা হয়, শিক্ষার্থীদের সুস্থ, নিরাপদ ও নির্মল পরিবেশে পাঠদান নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু বিদ্যালয়ের সন্নিকটে এ ধরনের ময়লার ভাগাড় কোনোভাবেই একটি আদর্শ ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

এমতাবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্য, জনস্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে বিদ্যালয়ের সন্নিকটে অবস্থিত উক্ত ময়লার ভাগাড়টি স্থায়ীভাবে উচ্ছেদ, জমে থাকা সব ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে যাতে কেউ পুনরায় সেখানে বর্জ্য ফেলতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আবেদনের সাথে ময়লার ভাগাড়ের বর্তমান অবস্থার ২টি আলোকচিত্রও সংযুক্ত করা হয়েছে।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত এ সমস্যার সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

দশম শ্রেণীর শিক্ষার্থী মিজানুর রহমান ও নাইম হোসেন, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির, প্রথম শ্রেণীর শিক্ষার্থী এশামনি বলেন, ময়লা পেরিয়ে আমাদের ক্লাসে প্রবেশ করতে হয়। দুর্গন্ধে আমরা ঠিকমত ক্লাস করতে পারি না। মাঠে খেলাধূলা করতে কষ্ট হয়। ময়লার দুর্গন্ধে মাঝে মধ্যে বর্মি হয়। প্রচন্ড দুর্গন্ধে দরজা জানালা বন্ধ করে নাক চেপে মুখে রুমাল দিয়ে ক্লাস করতে হয়। দুর্গন্ধে মাথা ঘুড়ায়। ক্লাসে স্বাভাবিক মনোযোগ বসে না। এই ময়লার ভাগাড় স্কুলের পাশে আমরা চাই না চাই না।

শিক্ষার্থীদের অভিভাবক পাপিয়া আক্তার, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম ও আরো অনেকেই জানান, স্কুলের সামনে ময়লা আর্বজনা ফেলার কারণে শিক্ষার্থীদের নানা ধরনের রোগবালাই হচ্ছে। দীর্ঘদিন ধরে এই ময়লা আর্বজনা পেড়িয়ে ছেলেমেয়েদের স্কুলের ভিতরে প্রবেশ এবং বাহির হতে হয়। যা স্বাস্থ্যের জন্য ব্যাপক হুমকিস্বরুপ।

বিদ্যলয়ের শিক্ষকরা জানান, ময়লার ভাগাড়ের জন্যে প্রচন্ড দুর্গন্ধে ক্লাস নেওয়া যায় না। প্রায়ই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর মনোরম পরিবেশে পাঠদান করতে দ্রুত ময়লার ভাগাড় অপসারণ করা প্রয়োজন। অন্যথায় শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হবে।

কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান, স্কুলের সামনে ময়লা রাখার কোন নিয়ম নেই। ময়লা অতি দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের পাশ থেকে ময়লা অপসারণ করা হবে।

উল্লেখ্য যে, গত বছর একই স্থানে ময়লা রাখার কারণে ঐ স্কুলের পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় স্থানীয় সফিপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছিল।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media