Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বব্যাংকের লোন’ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, বিকাশে টাকা নিয়েও মিলছে না ঋণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ০৯:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪৫ ০০০.০০.বার দেখেছেন

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে সহজ শর্তে ‘বিশ্বব্যাংকের লোন’ দেওয়ার প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, লোন দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রথমে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হচ্ছে। টাকা দেওয়ার পরও প্রতিশ্রুত ঋণ না দিয়ে আবারও নতুন করে টাকা দাবি করা হচ্ছে।

অভিযোগের সঙ্গে পাওয়া নথিতে ‘The World Bank Bangladesh Loan’ নাম ব্যবহার করে “Customer Service” হিসেবে একজনের পরিচয় দেখানো হয়েছে। ওই পরিচয়পত্রে নাম, ছবি, আইডি নম্বর, ই-মেইল ও একটি আন্তর্জাতিক ফোন নম্বর দেওয়া রয়েছে। একই ব্যক্তির নামে জাতীয় পরিচয়পত্রের ছবিও রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা দেখে তারা ঋণের আশায় যোগাযোগ করেন। এরপর তাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হয়। একজন গ্রাহকের দেওয়া লেনদেনের স্ক্রিনশটে দেখা যায়, ১০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা ৪২ মিনিটে মোট ২ হাজার ৩৭ টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়েছে। টাকা পাঠানোর পরও ঋণ না দিয়ে আরও টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ।

ভুক্তভোগীর ভাষ্য, “আগে টাকা দিলে লোন দেওয়া হবে”—এমন আশ্বাসে টাকা পাঠানো হলেও এখন লোন দেওয়ার পরিবর্তে একের পর এক তালবাহানা করা হচ্ছে এবং নতুন করে টাকা দাবি করা হচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ডকে অগ্রিম অর্থ আদায়ের প্রতারণার সম্ভাব্য লক্ষণ হিসেবে দেখা হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অননুমোদিত ডিজিটাল ঋণ অ্যাপ ও প্ল্যাটফর্ম নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোও সতর্ক করেছে।

তদন্তের দাবি:
প্রশ্ন উঠেছে—‘The World Bank Bangladesh Loan’ পরিচয়টি আদৌ বৈধ কি না, ফেসবুক লাইভ পরিচালনাকারীরা কারা, টাকা গ্রহণের বিকাশ নম্বরগুলোর প্রকৃত মালিক কে এবং এভাবে কতজন গ্রাহকের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে। এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

দৈনিক সময়ের কণ্ঠের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান— প্রচারিত নথি, ফেসবুক পেজ/লাইভ, ফোন নম্বর এবং বিকাশ লেনদেনের তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরা হোক।

বিশেষ সতর্কতা: লোন পাওয়ার আগে কোনো ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাবেন না এবং NID/ব্যাংক তথ্য দেওয়ার আগে প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করুন।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media