জামালপুরে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা
- আপডেট টাইম : ০৪:৫৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১২৩ ০০০.০০.বার দেখেছেন

জামালপুরে বাস চলাচল বন্ধ হওয়ায়
চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা।
বাস ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জামালপুর-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি । বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর থেকে জামালপুর বাস টার্মিনালে এসে আটকে পড়েছে শত শত যাত্রীরা। এতে চরম ভোগান্তি ও হতাশায় সাধারণ যাত্রীরা। বাস চালকরা বলেন, নিজের দাবী আদায় না হওয়া পযন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
তারা বলেন, গত ৩১ আগস্ট রাত ৭টার দিকে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে এক ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে বাসটি অটোরিকশার ওপর উল্টে পড়ে চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার ২ আগস্ট দুপুরে সদর উপজেলার নান্দিনা এলাকায় স্থানীয় লোকজন রাজীব বাস বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে স্থানীয় লোকজন ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে আসা রাজীব পরিবহনের দুইটি বাস ভাঙচুর করে ।
তবে বাস চালকরা দাবী করেন সেখানকার লোকজন বাসগুলোকে ব্যাপক ভাঙচুর করেছে এবং বাসের স্টাফদের মারধর করে সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে। তারা বাস চালাতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তারা বাস ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার প্রতিবাদে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবীতে ও নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে জামালপুর থেকে ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।
পরে বৃহস্পতিবার ভোর থেকেই জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। হঠাৎ কোনো পূর্বঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকালে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে টার্মিনালে এসে অনেককে অপেক্ষা করতে দেখা যায়। অনেকে আবার বাধ্য হয়ে বিকল্প উপায়ে ছোট ছোট যানবাহনে যাতায়াতের চেষ্টা করছেন, যার সুযোগ নিয়ে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। অভিযোগ রয়েছে রাজীব পরিবহনের বাসগুলো বেপরোয়া গতির কারণে জামালপুর ময়মনসিংহ রুটে চলাচলে সময় দুর্ঘটনা ঘটে।
আলিফ নামের এক বেসরকারি চাকুরীজীবি বলেন, আজ দুপুর ৩ টা থেকে আমার হেড অফিসে জেলার লোকজনদের নিয়ে মিটিং। আমি সকালে বাস টার্মিনালে এসেছি বাসে করে ঢাকা যাবো বলে। এখন বাসে উঠলে দুপুর ১২ থেকে ১ টার মধ্যে ঢাকা থাকতাম। কিন্তু এসে দেখি বাস বন্ধ, এ সময় ট্রেনও নেই। মাইক্রো ভাড়া চাচ্ছে ৬ হাজার টাকা। ৫০০ টাকা দিয়ে ভাড়া যাবো বলে বের হয়েছি। ৬ হাজার টাকা দিয়ে যাওয়া কি সম্ভব?এখানে আমার মতো অনেকেই এসেছে। চরম ভোগান্তির মধ্যে আছি।
জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, লোকজন আমাদের গাড়ি ভাঙছে, চালকদের মারধর করছে। কোন চালক ইচ্ছে করে এক্সিডেন্ট করে না। আমরা নিরাপত্তাহীনতাই আছি। আমাদের নিরাপত্তা না দেওয়া পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, এ বিষয়ে আমরা বাস চালকদের সাথে কথা বলবো। আর দ্রুত সময়ের মধ্যেই ভোগান্তি সমাধানের চেষ্টা করব।
তবে এ বিষয়ে জামালপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভকে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।


















