Dhaka ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী

সময়ের কন্ঠ রিপোর্ট
  • আপডেট টাইম : ০১:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৫ ০০০.০০.বার দেখেছেন

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার কথা জানিয়েছে। এতে মনে হচ্ছে, আগামী বছর থেকেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে কমিশন।

বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এ কারণে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। নির্বাচন কমিশন প্রথমে একটি তারিখ নির্ধারণ করলেও পরে জানিয়েছে, আগামী বছরের ৬ জুনের মধ্যে নির্বাচনগুলো শেষ করতে চায়।

তিনি বলেন, ‘নির্বাচন যেহেতু আরও দেরি আছে, আমরা নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী মনে করছি, নির্বাচন হতে এখনো দেরি আছে। তাই এ মুহূর্তে মানুষের প্রতিক্রিয়া কী, তা বলা কঠিন। নির্বাচনের সময় হলেই কেবল তা বোঝা যাবে।’

স্থানীয় সরকার নির্বাচন কবে নাগাদ হতে পারে, জানতে চাইলে মীর শাহে আলম বলেন, সরকারকে না জানিয়েই নির্বাচন কমিশন আগে তারিখ ঘোষণা করেছিল। বিষয়টি তুলে ধরার পর কমিশন সচিব পর্যায়ে আন্তমন্ত্রণালয় বৈঠক করে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরে কমিশন গণমাধ্যমকে জানিয়েছে, আগামী বছরের ৬ জুনের মধ্যে নির্বাচন শুরু ও শেষ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, রমজান মাস, এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়টি বিবেচনা করেই হয়তো কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাধারণত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। তবে নির্বাচন কমিশন ঠিক কবে ভোট শুরু ও শেষ করবে এবং মোট খরচ কত হবে, তা আনুষ্ঠানিকভাবে এখনো সরকারকে জানায়নি।

নির্বাচনের সময় নিয়ে মন্ত্রণালয়ের পরামর্শের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সচিবরা বৈঠকে গিয়ে যে পরামর্শ দিয়েছেন, তার আলোকে নির্বাচন কমিশন নিজেদের বক্তব্য জানিয়েছে। আগামী ৬ জুনের মধ্যে অর্থবছর শেষ হওয়ার আগেই নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের সময়সূচি নির্বাচন কমিশনকেই নির্ধারণ করতে হবে। নির্বাচন পরিচালনার সঙ্গে স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পৃক্ত থাকবে। এসব মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে অংশ নিয়েছেন। প্রয়োজনে তাঁরা আবার বৈঠকে বসবেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা অর্থ বরাদ্দ রেখেছি এবং আমাদের সচিবরাও মিটিংয়ে গিয়ে বলে এসেছে তাদের প্রস্তুতি নেওয়ার জন্য।’

নির্বাচনের সম্ভাব্য ব্যয়ের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন প্রাথমিক হিসাবে পাঁচটি নির্বাচন শেষ করতে ৬ হাজার কোটি টাকা লাগবে বলে জানিয়েছে। সরকার মোটামুটি এই পরিমাণ অর্থ দেওয়ার ব্যবস্থা রেখেছে। তবে প্রকৃত ব্যয় কমবেশি হতে পারে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media