নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি ‘দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে’
- আপডেট টাইম : ০৬:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ৯০ ০০০.০০.বার দেখেছেন

নারায়ণগঞ্জ: দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর মধ্যে সুসমন্বয়ের ফলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীগুলো সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
পূজা নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক পুলিশ
দুর্গাপূজা ঘিরে অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশপ্রধান বলেন, একটি মহল অপপ্রচার চালানোর অপচেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে পুলিশ সজাগ ও সতর্ক রয়েছে। অপপ্রচারের অপচেষ্টা নস্যাৎ করে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আইজিপি বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।
তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিন। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশ ঘুরে দাঁড়িয়েছে
আইজিপি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়
রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনের পর আইজিপি নারায়ণগঞ্জের আমলাপাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে-সহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক সময়ের কণ্ঠ
আমাদের কাগজ মানুষের কথা বলে













