আদিবাসীদের জীবনমান উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার- এমপি মোঃমোস্তাফিজুর রহমান
- আপডেট টাইম : ১১:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ৫৫ ০০০ বার

আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। সরকারের বরাদ্দ ও সুবিধাভোগী প্রাপ্তির মধ্যে কোনো ধরনের ঘাটতি থাকবে না। উন্নয়নমূলক কাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে মন্তব্য করেছেন ৪৬ নওগাঁ -১ আসনের সাংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।
রবিবার (০৯ আগস্ট) বেলা ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রান্তিক, আদিবাসী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দেওয়া ভোটের আমানত রক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করেই নির্বাচিত জন প্রতিনিধিরা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছেন।
তিনি আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশের অস্তিত্ব ও ঐতিহ্যের ধারক। প্রতিকূল পরিবেশেও তাঁরা সাহসিকতার সঙ্গে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন। তাদের সন্তানরা যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে দিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করছে।
মোস্তাফিজুর রহমান আরো বলেন, আদিবাসী নারীরা অনেক পরিশ্রমী। তারা সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজ শেষ করে আবার মাঠে কাজ করতে রওনা হন। আগের চেয়ে এখন আদিবাসীদের জীবনমান উন্নয়ন হয়েছে। আগামী দিনেও প্রধানমন্ত্রীর তহবিল থেকে আরও বেশি বরাদ্দ এনে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিয়ামতপুর উপজেলা আদিবাসী শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি সুবোল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিত মুন্ডার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু, মোস্তাফিজুর রহমানের সহ-ধর্মিণী ফরিদা বেগম সহ আদিবাসী সংগঠনের নেতা-কর্মীরা।




















