সিলেটে মাজারে গানের প্রোগ্রাম শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলি ভৈরবীর মৃত্যু
- আপডেট টাইম : ০৮:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ৪৭ ০০০ বার

সিলেটের শাওলসার মাজারে গানের প্রোগ্রাম শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পহেলী ভৈরবী (১৬) এর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পেহেলি ভৈরবীসহ ৯ জন নিহত হয়েছেন। অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পহেলী ভৈরবীর বাবা মো.বাবুল মিয়া(৫০) গুরুতর আহত হয়ে সিলেটের ওসমানীনগরে হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৭ আগস্ট সকালে সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৫৬৩) এবং ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ (ঢাকা মেট্রো-ব-১২-৫৯৮৭)-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় ইউনিক পরিবহনের বাসটি রাস্তার পাশে নিচু ধানক্ষেতে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ইউনিক বাসের সাতজন যাত্রী মারা যান। পর চিকিৎসাধীন অবস্থায় আরো দুইসহ ৯ জনের মৃত্যু হয়।
তাঁদের মধ্যে ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের বাউল শিল্পী পহেলী ভৈরবী রয়েছেন। এছাড়াও শিল্পী পহেলীর বাবা মো.বাবুল মিয়া গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত পহেলী ভৈরবীর মা রোজিনা বেগম জানান, আমার মেয়ে পহেলী গতকাল তার বাবাকে সাথে নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার শাওলসার মাজারে প্রোগ্রামে যায়। প্রোগ্রাম শেষে সকালে ভৈরবে ফেরার পথে কাশিকাপন এলাকায় দুই বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পহেলী মারা যায় ও আমার স্বামী চোখে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো বলেন, আমার মেয়ের অনেক স্বপ্ন ছিল নিজেকে গানের মাধ্যমে প্রতিষ্ঠিত করবেন। সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেলে।
এ বিষয়ে পহেলিলী ভৈরবীর খালু মাসুম মিয়া বলেন, পেহেলি ভৈরবীর গানের অনেক সখ থেকে বাউল শিল্পী হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছেন। ইতোমধ্যে অনেক গানও করেছেন পহেলি। পরিবারে পহেলি বেগমের আরো দুইভাই রয়েছে। তার বাবা বাবুল মিয়া বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। বর্তমানে বাবুল মিয়া একটি স’মিল পরিচালনা করছেন। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে আসা হচ্ছে। রাতেই কাফন দাফন সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
এদিকে দুর্ঘটনার পরপরই ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার ও যানজট নিরসন করে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার এসআই জসিম মিয়া। তিনি বলেন, এক্সিডেন্টের সার্বিক বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে তদারকি চলছে। পহেলী বেগমের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন।



















