Dhaka ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তালা ভেঙে প্রশাসনিক ভবনে চুয়েটের নতুন ভিসি

সময়ের কন্ঠ রিপোর্ট
  • আপডেট টাইম : ১১:৪৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ২৩৩ ০০০.০০.বার দেখেছেন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে ঢুকেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ও শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলায় নতুন ভিসির এভাবে ভবনে প্রবেশকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রশাসনিক ভবনে প্রবেশের পর কয়েকজন তাকে ভিসির চেয়ারে বসিয়ে মোবাইল ফোনে ছবি তোলেন।

আন্দোলনকারীদের দাবি, নতুন উপাচার্যের ১১ ও ১২ অক্টোবর ঢাকায় অবস্থান করার কথা ছিল, যার কারণে এ দুই দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীদের নিয়মিত পাহারা ছিল না। ওই সুযোগ কাজে লাগিয়েই তিনি গোপনে ক্যাম্পাসে ঢুকেছেন বলে ধারণা করছেন তারা।

এদিকে নতুন ভিসির প্রশাসনিক ভবনে প্রবেশের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উপাচার্য ভবনের সামনে জড়ো হতে শুরু করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের টানা আন্দোলনে গত প্রায় ২০ দিন ধরে চুয়েটের স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে রয়েছে। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের সেশনজটের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর অধ্যাপক ড. শেখ শরীফুল আলম অনলাইনে উপাচার্য হিসেবে যোগদান করলেও আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে এত দিন তিনি ক্যাম্পাসে ঢুকতে পারেননি।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media