মোংলায় দুর্যোগ ঝুঁকিপূর্ণ স্থানে শিশু ফোরাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ পরিদর্শন
- আপডেট টাইম : ০৩:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৪১০ ০০০.০০.বার দেখেছেন

মোংলায় এনজিও জেজেএস এর উদ্যোগে রবিবার ৩০ শে আগষ্ট সকাল সাড়ে ১১ টায় দুর্যোগ ঝুঁকিপূর্ণ, নদী ভাঙ্গন স্থানে শিশু ফোরাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথ পরিদর্শন করেন। উপজেলার চিলা বাজার থেকে গাববুনিয়া জোড়া ব্রিজ পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার পিচের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে গর্তগুলোতে পানি জমে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের দুই পাশে প্রায় ৭০০ থেকে ৮০০ পরিবারের বসবাস। প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ চলাচল করেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু শিক্ষার্থী রয়েছে। বেহাল সড়কের কারণে স্কুল, বাজার ও চিকিৎসাকেন্দ্রে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
স্থানীয় বাসিন্দা মোঃ শাহিদুল শেখ বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটির এই অবস্থা। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায়। তখন কোথায় রাস্তা আর কোথায় গর্ত—বোঝার উপায় থাকে না। যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। দ্রুত রাস্তাটি সংস্কার করা দরকার।”
স্থানীয় ইউপি সদস্য রুহুল শেখ বলেন, “এই রাস্তা আমাদের প্রতিদিনের চলাচলের প্রধান পথ। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে হলেও ভোগান্তিতে পড়তে হয়। বর্ষার সময় শিশুদের স্কুলে পাঠানোও কঠিন হয়ে পড়ে। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত কাজ শুরু করা হোক।”
স্কুলগামী এক শিক্ষার্থী শান্তা খানম জানায়, “বৃষ্টির দিনে রাস্তার গর্তে পানি জমে যায়। তখন হেঁটে স্কুলে যেতে অনেক সমস্যা হয়। অনেক সময় পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে। রাস্তা ভালো হলে আমাদের স্কুলে যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে।”
এদিকে শুধু সড়ক নয়, চিলা বাজারের রিং বেড়িবাঁধও সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকিতে থাকা এ এলাকায় সড়ক ও বেড়িবাঁধের দুরবস্থায় মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।
সড়ক ও রিং বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মোংলা উপজেলা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক শিশু ফোরামের পক্ষ থেকে ১০ ই আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ শে আগস্ট সরেজমিনে এলাকা পরিদর্শন করেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: মতিউর রহমান, উপজেলা এলজিইডির কর্মকর্তা প্রকৌশলী মো. নাবিদুল ইসলাম, জেজেএস ক্লাইমেট চেঞ্জ এডুকেটার মোঃ তারিকুল, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকিহ্রাস শিশু ফোরামের মোংলা উপজেলা সভাপতি চয়ন মৃধা। তাঁরা সড়কের বিভিন্ন অংশ ও রিং বেড়িবাঁধের অবস্থা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি সড়ক ও রিং বেড়িবাঁধের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়ন করে সড়ক ও রিং বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি স্কুলগামী শিশু, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ হবে।
















