খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম বদলি ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পর প্রশাসনিক রদবদল, নতুন ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম
- আপডেট টাইম : ০৯:১০:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৩০ ০০০.০০.বার দেখেছেন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। একই আদেশে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের নিয়মিত পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে খিলগাঁও থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির পুলিশ কমিশনারের স্বাক্ষরিত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, ঢাকায় কর্মরত নিয়মিত পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত স্থানে বদলি/পদায়ন করা হলো এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
অফিস আদেশ অনুযায়ী, মোহাম্মদ শফিকুল ইসলাম, বিপি নম্বর-৭৮০৬১১২২৬৩, নিয়মিত পুলিশ পরিদর্শক ও খিলগাঁও থানার অফিসার ইনচার্জকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ, ডিএমপি, ঢাকায় বদলি করা হয়েছে।
অন্যদিকে মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপি নম্বর-৭৮০৬৮৭৯৭৫, নিয়মিত পুলিশ পরিদর্শক, গোয়েন্দা-তেজগাঁও বিভাগ থেকে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন পেয়েছেন।
ধারাবাহিক প্রতিবেদনের প্রেক্ষাপটে বদলি ঘিরে নতুন আলোচনা
খিলগাঁও থানাকে ঘিরে বিভিন্ন অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এবং পুলিশের কার্যক্রম নিয়ে দৈনিক সময়ের কণ্ঠে ধারাবাহিকভাবে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়ে আসছিল। এসব প্রতিবেদনে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেছে, দৈনিক সময়ের কণ্ঠের ধারাবাহিক প্রতিবেদনগুলো সঠিকভাবে প্রকাশিত হওয়ার কারণেই প্রশাসনের ভেতরে বিষয়গুলো নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়েছে এবং পরবর্তীতে এই বদলির আদেশ এসেছে। তবে বদলির সঙ্গে পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে—এমন কোনো বক্তব্য অফিস আদেশে উল্লেখ নেই।
এদিকে খিলগাঁও থানায় নতুন ওসি হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলামের পদায়নের পর এলাকাবাসীর প্রত্যাশা, থানার কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সাধারণ মানুষের অভিযোগ গ্রহণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা স্বাধীন তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক সময়ের কণ্ঠের অনুসন্ধান চলমান। পরবর্তী পর্বে খিলগাঁও থানাকে ঘিরে প্রকাশিত অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা এবং বদলির পর থানার কার্যক্রমে কী পরিবর্তন আসে—তা তথ্য-প্রমাণের ভিত্তিতে তুলে ধরা হবে।















