মোংলায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট টাইম : ০৭:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮৪ ০০০.০০.বার দেখেছেন

মো: ওমর ফারুক :
‘পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, ডেঙ্গুমুক্ত জীবন গড়ি—নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোংলা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে ১২ ই সেপ্টেম্বর (শনিবার) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
র্যালিটি মোংলা উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন বাজার ও জনসমাগমস্থলের পরিচ্ছন্নতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। বিশেষ করে মোংলা বাজারে ড্রেন, রাস্তার পাশ ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্টরা নিজেদের হাতে ড্রেন ও বাজারের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন। একই সঙ্গে সাধারণ মানুষকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল দ্রুত ধ্বংস করার বিষয়ে সচেতন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। এ সময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ মান্নান হাওলাদার, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: মতিউর রহমান, উপজেলা এলজিইডির কর্মকর্তা প্রকৌশলী মো. নাবিদুল ইসলাম, মোংলা উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ রানা, সমবায় অফিসার মোঃ জুবায়ের হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে বৃষ্টির পর বিভিন্ন পাত্র, ড্রেন, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
সংশ্লিষ্টরা জানান, পরিচ্ছন্নতা ও জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে মোংলাকে ডেঙ্গুর ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদ রাখা সম্ভব।
দিনব্যাপী এ কর্মসূচিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

















