শীঘ্রই সন্ত্রাসী ‘বগা’র গ্রেপ্তার দাবি সিআরএ’র, অন্যথায় সিএমপি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
- আপডেট টাইম : ১২:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ১৩২ ০০০.০০.বার দেখেছেন

চ্যানেল ২৪-এর চট্টগ্রাম আবাসিক সম্পাদক কামাল পারভেজকে হুমকি ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিআরএ-এর মানববন্ধন
চ্যানেল ২৪-এর চট্টগ্রাম আবাসিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কামাল পারভেজকে হত্যার হুমকি এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।
সমাবেশ থেকে কুখ্যাত সন্ত্রাসী ‘বগা’কে অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়। অন্যথায় দ্রুতই “মার্চ টু সিএমপি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) কার্যালয়” কর্মসূচি ঘোষণার কঠোর হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে নগরীর বিভিন্ন গণমাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিক ও পেশাজীবী প্রতিনিধি অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে একজন জ্যেষ্ঠ সাংবাদিককে প্রকাশ্যে হত্যা ও দেখে নেওয়ার হুমকি স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার ওপর চরম আঘাত। সন্ত্রাসী বগা দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসলেও সে এখনো অধরা। আইনশৃঙ্খলা বাহিনী তাকে দ্রুত আইনের আওতায় না আনলে চট্টগ্রামের সাধারণ সাংবাদিকরা হাত গুটিয়ে বসে থাকবে না।
সিআরএ-র নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিতে চাই—অবিলম্বে সন্ত্রাসী বগাকে গ্রেপ্তার করা না হলে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সর্বস্তরের সাংবাদিকদের সাথে নিয়ে সিএমপি কার্যালয় অভিমুখে ‘মার্চ টু সিএমপি কার্যালয়’ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সারাদেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও দমন-পীড়নের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি/সাধারণ সম্পাদক সহ সোহাগ আরেফিন এর সভাপতিত্বে মানববন্ধনে চট্টগ্রাম ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

















