কুমিল্লায় সাংবাদিককে ডেকে নিয়ে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
- আপডেট টাইম : ১১:৪৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ২০৭ ০০০.০০.বার দেখেছেন

কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় সাংবাদিক হাজী মোঃ আলমগীর হোসেন আলমকে ডেকে নিয়ে মারধর, গালিগালাজ, হুমকি ও অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী আলমগীর হোসেন আলম তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, কুমিল্লার পূর্ব বাগিচাগাঁও এলাকার একটি ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ওই এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগের বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে তাকে একটি বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয় নিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে মারধরেরও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী আরও জানান, ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে রক্ষা করেন। এর আগেও তার সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরূপ আচরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া এলাকায় নতুন বাড়ি নির্মাণ, জায়গা কেনাবেচা এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগও তুলে ধরেছেন তিনি। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক রয়েছে বলে অভিযোগকারীর দাবি।
নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করে আলমগীর হোসেন আলম অভিযোগের বিষয়টি সরেজমিন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা তদন্ত সাপেক্ষ। অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।


















