Dhaka ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী

সুমন গোপ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : ১২:৪০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১১৭ ০০০.০০.বার দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশের লক্ষ্যে দিনব্যাপী স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস এই কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-১) এম এ হান্নান। তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করে গড়ে তুলতে নানামুখী উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব সৃষ্টি এবং সমস্যা সমাধানের দক্ষতা তৈরির লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রমজান আলী, চাতলপাড় কলেজের অধ্যক্ষ মো. ওমর আলী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন চন্দ্র ভট্টাচার্য।

আয়োজকেরা জানান, উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নেয়। প্রতিটি দলে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক ছিলেন। তারা তাদের তৈরি বিভিন্ন বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপ ধারণা তুলে ধরেন। অনুষ্ঠানে গোকর্ণ সৈয়দ ওয়ালি উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার দেব ও চাতলপাড় কলেজের প্রভাষক মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media