Dhaka ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় মালামাল চুরির প্রতিবাদ করায় লোহার রড দিয়ে হামলা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট টাইম : ১১:৩৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / ১১৩ ০০০.০০.বার দেখেছেন

বাগেরহাটের মোংলায় বন্দরের দায়িত্বপ্রাপ্ত মালামাল চুরির প্রতিবাদ করায় এক শ্রমিককে লোহার রড দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত শ্রমিক মোঃ আবুল কালাম আজাদ (৫৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব শেহলাবুনিয়া খোসেরডাঙ্গা এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে মোংলা বন্দরে শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। গত ২০ মে রাত আনুমানিক ১১টার দিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের গেইটের সামনে কাস্টমস পরীক্ষিত কিছু মালামাল গাড়িতে তোলার জন্য রাখা ছিল। মালামাল গণনার সময় একটি ফ্ল্যাট টিভি ও একটি মনিটর কম দেখতে পেয়ে তিনি খোঁজখবর শুরু করেন। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, জয়বাংলা এলাকার ছগির নামে এক ব্যক্তি ওই মালামাল সরিয়ে রেখেছে।
ভুক্তভোগীর অভিযোগ, পরে চুরিকৃত ফ্ল্যাট টিভি ও মনিটর পুনরায় বন্দরের গেইট এলাকায় এনে রাখা হলে অভিযুক্ত ছগির ক্ষিপ্ত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি সরে যাওয়ার চেষ্টা করেন। এতে আঘাত তার বাম চোখের উপরের কপালে লাগে এবং তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আঘাতে অচেতন হয়ে রাস্তায় লুটিয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি বন্দর কর্তৃপক্ষকে জানালে “প্রাণে মেরে ফেলার” হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে বন্দরের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার কপালে সেলাই দিয়ে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসা শেষে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় অভিযোগ দায়ের করেন আহত শ্রমিক।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media