খানাখন্দে ভরা ছোট হরণ স্কুল-বড় হরণ বাজার সড়ক: জনদুর্ভোগ চরমে`
- আপডেট টাইম : ১০:৪৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১৬৪ ০০০ বার

ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলার ব্রাহ্মণবাড়িয়া সদর ৯ নং নাটাই দক্ষিণ ইউনিয়নের ছোট হরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বড় হরণ বাজার পর্যন্ত প্রায় ৪-৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পড়ে আছে। খানাখন্দ ও কাদায় ভরা এই সড়কে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার কয়েক হাজার মানুষ।
স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট হরণ স্কুলের শতাধিক শিক্ষার্থী, বড় হরণ বাজারের ব্যবসায়ী, কৃষক ও রোগীরা যাতায়াত করেন। বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিণত হওয়ায় অ্যাম্বুলেন্স ও ভ্যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে গর্ভবতী নারী ও অসুস্থ রোগীকে কোলে করে হাসপাতালে নিতে হয়। শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারছে না।
এলাকাবাসীর পক্ষ থেকে ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা দ্রুত সড়ক সংস্কারের জন্য আবেদন জানিয়েছেন। তাদের আবেদনে উল্লেখ করা হয়, “আমাদের ৬নং ওয়ার্ডের ছোট হরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে বড় হরণ বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দ ও কাদার কারণে শিক্ষার্থী,রোগী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনস্বার্থে উক্ত সড়কটি দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি।”
এ বিষয়ে ৯নং নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম বলেন, “সড়কটির বেহাল দশার বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।”
এলাকাবাসী মাননীয় উপজেলা নির্বাহী অফিসার ও এলজিইডি কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।














