লালমোহনে বেইলি ব্রিজ ধসে খালে পড়ল ট্রাক: চালক নিহত
- আপডেট টাইম : ০৬:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৫৫ ০০০ বার

ভোলার লালমোহনে জরাজীর্ণ বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক খালে পড়ে নাঈম (২৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আল-আমিন (১৪) নামের এক হেলপার গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজার টু চরমোল্লাজি সংলগ্ন বেতুয়া খালের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম স্থানীয় বাসিন্দা মোঃ ফরিদ এর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গল শিকদার এলাকা থেকে বালু বোঝাই করে ট্রাকটি চতলা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটিতে ওঠামাত্রই পূর্ব পাশের অংশ ভেঙে ট্রাকটি উল্টে ব্রিজসহ গভীর খালে পরে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় হেলপার আল-আমিনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ধসে পড়া ট্রাক ও ব্রিজ অপসারণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



















