মোংলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও পথসভা
- আপডেট টাইম : ০৬:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ২৬১ ০০০.০০.বার দেখেছেন

মো: ওমর ফারুক : জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের মোংলায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই২৬) বাদ আসর মোংলা উপজেলা ও পৌর ১১ দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন। পরে একটি বিশাল গণমিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই সনদের অবিলম্বে কার্যকর বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পথসভায় বক্তারা বলেন, জুলাইয়ের গণআন্দোলনের শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বিস্মৃত হওয়ার নয়। তাদের রক্তের ঋণ পরিশোধের একমাত্র পথ হলো জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার সম্পন্ন করা। তারা বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে রাজপথের আন্দোলন আরও বেগবান হবে।
পথসভায় বক্তব্য রাখেন, মোংলা পৌর জামায়াতের আমীর এম. এ. বারী, মোংলা পৌর নায়েবে আমীর হযরত মাওলানা মনিরুজ্জামান, মোংলা উপজেলা আমীর হযরত মাওলানা আবু হানিফ মল্লিক, উপজেলা নায়েবে আমীর ও সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনুর সরদার, জাতীয় নাগরিক পার্টির মোংলা উপজেলা সভাপতি মাজেদ মৃধা, আবু হাসান, ৭ নং ওর্য়াড কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তাফা, ৯ নং ওর্য়াড কাউন্সিলর প্রার্থী মো: মোস্তাইন বিল্লাহসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভা শেষে বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান এবং জুলাই সনদের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।



















