৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল খাঁপুরের ৩৩ শিশু-কিশোর
- আপডেট টাইম : ১০:৫৯:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১১৩ ০০০ বার

নিয়মিত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায়ের অভ্যাসে উৎসাহিত করতে সিলেটের বালাগঞ্জে শিশু-কিশোরদের নগদ অর্থ ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। একটানা ৪০ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের প্রতিযোগিতায় সফল হওয়ায় ৩৩ জন শিশু-কিশোরকে এসব পুরস্কার দেওয়া হয়।
আজ রোববার (০২ আগস্ট) বাদ জোহর বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, গহরপুর-খাঁপুরের কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক এর ব্যক্তিগত আগ্রহ ও একক অর্থায়নে এ অভিনব কর্মসূচিটি বাস্তবায়িত হয়। আয়োজনে প্রথম স্থান অর্জনকারী ১৫ জনকে ১০ হাজার টাকা করে, দ্বিতীয় স্থান অর্জনকারী ৭ জনকে ৪ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। এছাড়া আরও ১১ জনকে দেওয়া হয় বিশেষ কলম পুরস্কার। একই সাথে অনুষ্ঠানের মাধ্যমে মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনকেও বিশেষ হাদিয়া প্রদান করা হয়। সব মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উদ্যোক্তা আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিশু-কিশোরদের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। শৈশব থেকেই যদি তাদের মসজিদের সাথে গভীর সম্পর্ক গড়ে ওঠে, তবে তারা একটি সুন্দর, সৎ ও নীতিবান চরিত্র নিয়ে বড় হতে পারবে। কোমলমতি শিশুদের অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে সমাজমুখী ও নামাজমুখী করতেই আমার এই আয়োজন।”
খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান ঔএর সঞ্চালনা ও বিশেষ মোনাজাত পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফিজ মো. কুতুবউদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, সমাজসেবী আব্দুস ছালাম, আব্দুল জলিল, বুরহান উদ্দিন, মুজিবুর রহমান, বাবরু মিয়া মেম্বার, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল এবং গহরপুর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে গ্যাং কালচার ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুনাগরিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে এমন সময়োপযোগী উদ্যোগ দেশের প্রতিটি অঞ্চলেই ছড়িয়ে দেওয়া উচিত।














