মাদারগঞ্জে সাংবাদিককে গালাগালির অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ
- আপডেট টাইম : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ৩০৯ ০০০.০০.বার দেখেছেন

জামালপুরের মাদারগঞ্জে মহিলা দল নেত্রী সুলতানা আক্তার নিশুর অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আকন্দ সোহাগকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
সাংবাদিক আকন্দ সোহাগের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগকে স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ প্রয়োগের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন মহল।
প্রতিবাদকারীরা বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে তার প্রতিবাদ বা বক্তব্য দেওয়ার আইনসঙ্গত ও গণতান্ত্রিক পথ রয়েছে। কিন্তু একজন সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি, হুমকি বা ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, সাংবাদিকরা জনস্বার্থে অনিয়ম-দুর্নীতি ও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সংবাদে কোনো তথ্য ভুল বা অসত্য থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি যথাযথভাবে প্রতিবাদ জানাতে পারেন। তবে সাংবাদিককে হেনস্তা বা চাপ প্রয়োগের মাধ্যমে সংবাদ প্রকাশ থেকে বিরত রাখার চেষ্টা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী।
এ ঘটনায় সাংবাদিক আকন্দ সোহাগের পাশে থাকার ঘোষণা দিয়ে প্রতিবাদকারীরা বলেন, “সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ।”
একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



















